Image description

ময়মনসিংহে সরকারি গাছের লিচু নিয়ে বিরোধের জেরে মো. রায়হান মিয়া (১৯) নামে এক যুবকের হাতের আঙ্গুল কেটে ফেলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) সকালে নগরীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন শেষ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মিয়া (৫৫) এবং তার দুই ছেলে নূর মোহাম্মদ হৃদয় (২৪) ও নূর হাবিব প্রান্ত ওরফে অন্তর (২১)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি গাছের লিচু পাড়াকে কেন্দ্র করে রায়হানের সাথে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। এর একপর্যায়ে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে রায়হানকে কুপিয়ে জখম করে এবং তার হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী সিরাজুল ইসলাম বলেন, "আসামিরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত। তাদের অত্যাচারে এলাকাবাসী দীর্ঘকাল অতিষ্ঠ ছিল। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "যুবকের আঙ্গুল কেটে ফেলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকালেই তাদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলমান রয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর