Image description

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে ঈদে ঘরমুখো পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে শিল্পঘন এলাকায় ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, সরকারি ছুটির ধারাবাহিকতায় আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত সাত দিন ব্যাংক বন্ধ থাকবে।

তবে পোশাক শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট কিছু এলাকায় ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাগুলো হলো—ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম।

নির্দেশনা অনুযায়ী, এসব এলাকায় অবস্থিত সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন।

এছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথসমূহ আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত আকারে খোলা রাখতে বলা হয়েছে। মূলত ঈদে ঘরমুখো মানুষের যাত্রা এবং ব্যবসায়িক লেনদেন সহজ করতেই কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

মানবকণ্ঠ/আরআই