ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও ক্লিনিকে ভাঙচুর
মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এ সময় বিক্ষুব্ধরা অভিযুক্ত ক্লিনিকেও ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত তন্নী খান মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া খান বাড়ির জিয়া উদ্দিন খানের মেয়ে। তার স্বামী আল আমিন হাওলাদার পেশায় একজন প্রাইভেটকার চালক। তন্নী ও আল আমিনের দাম্পত্য জীবনের বয়স ছিল প্রায় দুই বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে প্রসবজনিত সমস্যার কারণে তন্নী খানকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার ‘নূর ক্লিনিক’-এ ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে ওই ক্লিনিকের চিকিৎসক ডা. ইশরাত জাহান ঐশি ও ডা. হিমেল মাহমুদ তার অস্ত্রোপচার (সিজার) সম্পন্ন করেন।
রোগীর স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা অসাবধানতাবশত রোগীর শরীরের গুরুত্বপূর্ণ নাড়ি কেটে ফেলেন। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার কথা বলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তন্নীকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, বরিশাল মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন—ভুলভাবে নাড়ি কাটার কারণেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে তন্নীর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ স্বজনরা নূর ক্লিনিকে চড়াও হয়ে ভাঙচুর চালায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ওই এলাকায় ও ক্লিনিকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে ক্লিনিকটি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. ইশরাত জাহান ঐশি ও ডা. হিমেল মাহমুদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসায় অবহেলার অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments