বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সোয়াদ নামের ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার দেউলী কারিগরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াদ ওই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সোয়াদ তার কয়েকজন খেলার সাথীর সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরে আসলেও সোয়াদ দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নেমে পানির নিচে সোয়াদের নিথর দেহ খুঁজে পান। দ্রুত তাকে উদ্ধার করা হলেও দেখা যায় শিশুটি আগেই মারা গেছে।
এই আকস্মিক মৃত্যুতে শিশুটির পরিবারে কান্না ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবকণ্ঠকে বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments