বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো খুচরা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে সৃষ্ট উত্তেজনার কারণে নৌচলাচল বিঘ্নিত হওয়ায় এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বিশ্ববাজারে তেলের ক্রমবর্ধমান দামের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এবং লোকসান কমাতে ভারত সরকার মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ০.৯ রুপি বাড়িয়েছে।
নতুন এই মূল্য সমন্বয়ের ফলে; পেট্রোল: লিটার প্রতি ৯৭.৭৭ রুপি থেকে বেড়ে হয়েছে ৯৮.৬৪ রুপি। ডিজেল: লিটার প্রতি ৯০.৬৭ রুপি থেকে বেড়ে হয়েছে ৯১.৫৮ রুপি।
এর আগে গত শুক্রবার জ্বালানির দাম লিটার প্রতি ৩ টাকা বাড়ানো হয়েছিল। গত চার বছরের মধ্যে এটিই ছিল ভারতের অভ্যন্তরীণ বাজারে প্রথম মূল্য বৃদ্ধি। হরমুজ প্রণালীতে সাম্প্রতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এই রুটটি বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে সামান্য বিঘ্নও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দেয়।
ভারত তার চাহিদার বড় একটি অংশ আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে দেশটির অভ্যন্তরীণ বাজারে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।
Comments