Image description

বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি ও স্থাপত্যকে ফুটিয়ে তুলতে নতুন নকশার ৫ টাকা মূল্যমানের নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই নোটটি বাজারে প্রচলিত হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এই নোটটি দেশের প্রত্নতাত্ত্বিক ও সাম্প্রতিক ইতিহাসকে ধারণ করে মুদ্রণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মঙ্গলবার থেকে প্রাথমিকভাবে মতিঝিল অফিস এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও এই নতুন নোট ইস্যু করা হবে।

নতুন নোটের বৈশিষ্ট্য: নতুন এই নোটটির দৈর্ঘ্য ১১৭ মিমি এবং প্রস্থ ৬০ মিমি। নোটের সম্মুখভাগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও জাতীয় ফুল শাপলার নকশা রয়েছে। তবে নোটটির সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এর পেছনের অংশে; যেখানে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের স্মারক হিসেবে ‘গ্রাফিতি-২০২৪’ এর ছবি মুদ্রিত হয়েছে। নোটটির প্রধান রং হিসেবে ব্যবহার করা হয়েছে হালকা গোলাপি শেড।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, ‘৫’ সংখ্যার ইলেকট্রোটাইপ এবং সরকারি মনোগ্রাম। এছাড়া নিরাপত্তা সুতায় মাইক্রোপ্রিন্টে ‘BANGLADESH’ লেখাটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, নতুন এই নোটটি বাজারে আসার পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল ৫ টাকার কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই সচল ও বৈধ থাকবে। এছাড়া শৌখিন সংগ্রাহকদের জন্য ৫ টাকার ‘নমুনা নোট’ (Specimen) প্রস্তুত করা হয়েছে, যা মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

মানবকণ্ঠ/আরআই