গাজীপুরের কালিয়াকৈরে উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ধসে পড়া ব্রিজের সংযোগ সড়কটি অবশেষে সংস্কার করা হয়েছে। জাতীয় দৈনিক 'মানবকণ্ঠ' পত্রিকায় এ সংক্রান্ত সচিত্র সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে সরেজমিনে উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় গিয়ে দেখা যায়, ভারী বর্ষণের কারণে ব্রিজের পাশে ধসে পড়া মাটির অংশটি সংস্কার করা হয়েছে। বর্তমানে ওই সড়কে ছোট-বড় সব ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ মকশ বিল এলাকায় ৫৫ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ’। সেতুটি নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৫১৭ টাকা। তবে উদ্বোধনের মাত্র এক মাস পার হতে না হতেই অতিবৃষ্টিতে সেতুর সংযোগ সড়কের একাংশ ধসে পড়ে, যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করেছিল। বিষয়টি নিয়ে মানবকণ্ঠে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্টদের।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, “ভারী বৃষ্টির কারণে নবনির্মিত সড়কটির একটি অংশ ধসে গিয়েছিল। সংবাদ প্রকাশের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশটি পুনরায় সংস্কার করে দেওয়া হয়েছে। এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী, এক বছরের মধ্যে সড়কে কোনো ধরনের ত্রুটি বা সমস্যা দেখা দিলে ঠিকাদারি প্রতিষ্ঠান তা নিজ দায়িত্বে সংস্কার করে দিতে বাধ্য থাকবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments