সাজেকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৮ মে) বাঘাইহাট জোনের উদ্যোগে ইউনিয়নের মুশফিক এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
সাজেক ইউনিয়নের এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। এতে মুশফিক ও এর আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ২০০ জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও) এবং ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব পারভেজ (আরএমও)। এ সময় সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঘাইহাট জোন সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি জনপদে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম ও বাঘাইহাট এলাকাতেও সেনাবাহিনী সফলভাবে চিকিৎসা সেবা প্রদান করেছে।
সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments