সারা দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। বাকি ৯ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশু রয়েছে। জেলাভিত্তিক হিসাবে ঢাকা ও মৌলভীবাজারে সর্বোচ্চ দুজন করে শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪ জন, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৩ জনের। বর্তমানে আক্রান্তদের মধ্যে ১ হাজার ১১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১১০ জন।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ৫৪৪ জন সন্দেহজনক এবং ৫৪ জন নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে। এরপর চট্টগ্রামে ২৩০ জন এবং বরিশালে ১৪৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
হামের এই ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সামান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments