Image description

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরল দৃশ্যের অবতারণা করেছে অলিভ রিডলি প্রজাতির ১৬৩টি কচ্ছপের বাচ্চা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে কুয়াকাটার লেম্বুরবন এলাকার সৈকতসংলগ্ন একটি পরিত্যক্ত দোকানের নিচের গর্ত থেকে এসব বাচ্চা উদ্ধার করা হয়। পরে বনবিভাগ ও প্রশাসনের সহযোগিতায় বাচ্চাগুলোকে আন্ধারমানিক নদী সংলগ্ন তিন নদীর মোহনায় নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লেম্বুরবন এলাকার ব্যবসায়ী মো. বায়েজিদ মঙ্গলবার সকালে তার দীর্ঘদিনের বন্ধ থাকা ফিশফ্রাই দোকানটি খুলতে যান। এসময় দোকানের নিচে বালুর মধ্যে ছোট ছোট কচ্ছপের বাচ্চা নড়াচড়া করতে দেখে তিনি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন’ (উপরা)-কে খবর দেন। সংগঠনের সদস্যরা সেখানে পৌঁছে তল্লাশি চালিয়ে একে একে ১৬৩টি বাচ্চা উদ্ধার করেন।

পরিবেশকর্মীদের ধারণা, বেশ কিছুদিন আগে মা কচ্ছপটি নিরিবিলি ভেবে পরিত্যক্ত ওই দোকানের নিচে বালু খুঁড়ে ডিম পেড়ে গিয়েছিল। প্রাকৃতিকভাবে ডিম ফুটে বাচ্চাগুলো বের হলেও গর্তের চারপাশ ঘেরা থাকায় সেগুলো সাগরে যেতে পারছিল না। উদ্ধারস্থলে ডিমের খোসাও পাওয়া গেছে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, "এগুলো বিরল প্রজাতির সামুদ্রিক অলিভ রিডলি কচ্ছপের বাচ্চা। আমরা খবর পাওয়ার সাথে সাথেই সেগুলো উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখি এবং পরে প্রশাসনের উপস্থিতিতে অবমুক্ত করি।"

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, "কুয়াকাটা উপকূল জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামুদ্রিক এই প্রাণীরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এদের প্রজনন নিশ্চিত করতে স্থানীয়দের আরও সচেতন হওয়া প্রয়োজন।"

মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া কচ্ছপের বাচ্চাগুলো সুস্থ অবস্থায় সাগরে অবমুক্ত করা হয়েছে। সামুদ্রিক কচ্ছপের প্রজনন ও বিচরণ টিকিয়ে রাখতে বনবিভাগ নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হামিদ বলেন, "এটি অত্যন্ত খুশির খবর যে কুয়াকাটা উপকূলে এসব বিরল প্রজাতির কচ্ছপ বংশবিস্তার করছে। পরিবেশ রক্ষায় স্থানীয় মানুষের সচেতনতা ও পরিবেশকর্মীদের এই তাৎক্ষণিক পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।"

মানবকণ্ঠ/ডিআর