Image description

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ পাঁচ ঘণ্টা পর খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করার পর ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি বিশেষ উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এক ঘণ্টার নিবিড় প্রচেষ্টায় উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে সকাল ৮টা থেকে রেল যোগাযোগ সচল হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মাঝরাতে দুর্ঘটনার কারণে এই রুটে চলাচলকারী বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল, যার ফলে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সিডিউল অনুযায়ী ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

মানবকণ্ঠ/আরআই