বগুড়ার গাবতলীতে রাতের অন্ধকারে নিজ ঘরে রীতা রানী (৫০) নামে এক গৃহবধূকে গলা কেটে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে রীতা রানী ও তার স্বামী বিধান চন্দ্র রায় আলাদা দুটি ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে বিধান চন্দ্রের ঘুম ভেঙে যায়। এ সময় তিনি পাশের ঘর থেকে তার স্ত্রীর অস্বাভাবিক গোঙানির শব্দ শুনতে পান। আতঙ্কিত হয়ে দ্রুত স্ত্রীর ঘরে গিয়ে বিধান চন্দ্র দেখেন, মেঝেতে রীতা রানীর রক্তাক্ত ও নিথর দেহ পড়ে আছে। দুর্বৃত্তরা তার গলা কেটে ফেলে রেখে পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, বিধান চন্দ্র ও রীতা রানীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা পড়াশোনার প্রয়োজনে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন। এই দম্পতির কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল কি না, তা নিয়ে এলাকায় গুঞ্জন চলছে।
খবর পেয়ে রাতেই গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষের মেঝে থেকে ওই গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
তিনি আরও বলেন, "হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধেই কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।"
মানবকণ্ঠ/আরআই




Comments