কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরজামালের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের পুকুরে মাছের অবস্থা দেখতে যান রফিকুল ইসলাম। এ সময় হঠাৎ আকাশ থেকে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্বজনরা পুকুর পাড়ে গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে ওই যুবকের মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে অনুমতি দেওয়া হয়েছে। রফিকুলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments