সুনামগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুর ১টার দিকে উপজেলার সীমান্তবর্তী আহসানমারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের লেগুনা চালক ইব্রাহিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নপুর গ্রামের জাহেদ মিয়া (১৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা ছাতকের দিকে যাচ্ছিল। পথে আহসানমারা ব্রিজের কাছাকাছি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘খাদিজা ভিআইপি’ পরিবহনের একটি দ্রুতগামী বাস লেগুনাটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী জাহেদ মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালক ইব্রাহিমকে উদ্ধার করে সিলেটে পাঠানোর পথে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই দুর্ঘটনায় একই পরিবারের আরও ৫ লেগুনা যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন— ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২), তার মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল জাহার জানান, তারা সপরিবারে লেগুনাযোগে বাড়ি ফিরছিলেন। বাসটি হঠাৎ সামনে চলে আসায় তিনি দ্রুত সড়কের পাশে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পেলেও পরিবারের অন্য সদস্যরা আহত হন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান এবং সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments