কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের ইফতি তাইফ ও সাকিব। তারা দুজনই চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে দুপুরের দিকে কয়েকজন বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ইফতি তাইফ ও সাকিব নদীর গভীর অংশে চলে গেলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। তাদের ডুবে যেতে দেখে সঙ্গে থাকা অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত উদ্ধারে নামেন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, বিকেল চারটার দিকে দুই কিশোরকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছিল। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
এদিকে, পরীক্ষা শেষ হওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেওয়ায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও বন্ধুদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।
মানবকণ্ঠ/ডিআর




Comments