গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চালবোঝাই দুটি নৌকা আকস্মিক ঝড়ে ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় চালের বস্তাগুলো উদ্ধার করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য ৪৬৭ বস্তা চাল বরাদ্দ দেওয়া হয়। বুধবার রাতে ফুলছড়ি উপজেলা খাদ্যগুদাম থেকে ৫০ কেজি ওজনের এসব চালের বস্তা নৌকায় তোলা হয়। বৃহস্পতিবার সকালে নৌকা দুটি এরেন্ডাবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সকালে হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে ওঠে এবং প্রবল দমকা হাওয়ার কবলে পড়ে নৌকা দুটি ঘাট এলাকাতেই পানিতে তলিয়ে যায়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা দুটিতে মোট ৪৬৭ বস্তা সরকারি ভিজিএফের চাল ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় জেলে, নৌকার মাঝি ও সাধারণ মানুষের সহায়তায় ফায়ার সার্ভিস চালের বস্তাগুলো উদ্ধার করে তীরে তুলে আনে।
এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেন, “স্থানীয়দের আন্তরিক সহযোগিতায় ফায়ার সার্ভিস দ্রুত চালের বস্তাগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। নৌকা দুটিও উদ্ধার করা হয়েছে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চালগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত শুকানোর ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে তা নির্ধারিত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে। এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments