Image description

নড়াইল সদর উপজেলায় মসজিদের কমিটি গঠন ও মক্তবের জন্য চাল তোলা নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসার বৈঠকে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া (বণিকপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া জামে মসজিদের কমিটি গঠন এবং মসজিদের মক্তবের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল (মুষ্টির চাল) সংগ্রহ করা নিয়ে একই এলাকার আলম গ্রুপ ও মেজবাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিরসনের লক্ষ্যে শুক্রবার সকালে দুই পক্ষকে নিয়ে একটি সালিশি বৈঠক বসে। তবে আলোচনা চলাকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও মতানৈক্য দেখা দিলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এতে আলম গ্রুপের ৮ জন এবং মেজবাহ গ্রুপের ৪ জনসহ মোট ১২ জন আহত হন। আহতদের মধ্যে ইস্রাফিল বিশ্বাস, বাদশাহ, মোচা বিশ্বাস, লিপন বিশ্বাস, জিন্না বিশ্বাস, রাব্বি বিশ্বাস, মিন্টু বিশ্বাস, লিটন বিশ্বাস, মশিয়ার বিশ্বাস ও নাসিরুল মোল্লাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, মীমাংসার জন্য বসলেও আচমকা এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বর্তমানে আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মানবকণ্ঠ/ডিআর