গাইবান্ধা শহরে সন্ধ্যার পর মদের আড্ডা ও বখাটেদের দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায় শহরবাসী
গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর প্রকাশ্যে মদপান, অশ্লীল আচরণ এবং ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাদকাসক্ত ও বখাটেদের এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পোস্ট অফিসের সামনে, স্টেডিয়ামের পেছনে, কাচারি বাজার, কাউয়া চত্বর, ডেভিড কোম্পানি পাড়া, সরকার পাড়া রেললাইন এলাকা এবং নতুন ব্রিজ সংলগ্ন বাঁধের পাশে প্রতিনিয়ত অবৈধ মদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ চলছে। সন্ধ্যার পর এসব এলাকায় বখাটে ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, এই অবৈধ মদের আড্ডাগুলোকে কেন্দ্র করেই এলাকায় চুরি, ছিনতাই ও বিশৃঙ্খল আচরণ বাড়ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা সন্ধ্যার পর অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। সচেতন মহলের মতে, স্বল্পমূল্যে ও সহজে মাদক লভ্য হওয়ায় তরুণ সমাজের একটি বড় অংশ দ্রুত বিপথে যাচ্ছে, যা পুরো সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসী দ্রুত এসব অবৈধ মদের আড্ডা উচ্ছেদ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। একইসঙ্গে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত পুলিশ টহল ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক ও অপরাধ দমনে পুলিশ সাধ্যমতো কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল ব্যবস্থা আরও জোরদার করা হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments