ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে একই জেলার ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত ও আহতদের সবার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা রডবোঝাই ট্রাকে ঈদে বাড়ি ফিরছিলেন।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি যমুনা সেতু পূর্ব সারতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, হতাহতরা সবাই শ্রমিক শ্রেণির যাত্রী ছিলেন।




Comments