বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার স্থগিত করা সার্টিফিকেশন সনদ পুনরায় ফিরিয়ে দিয়েছে। এর ফলে সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনে আর কোনো আইনি বাধা রইল না।
অনুমোদনহীন দৃশ্য প্রদর্শনের অভিযোগে গত ৬ মে সিনেমাটির সনদ স্থগিত করেছিল সার্টিফিকেশন বোর্ড। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার পর বোর্ড এই স্থগিতাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন সংবাদমাধ্যমকে জানান, “প্রযোজনা প্রতিষ্ঠান এই মর্মে মুচলেকা দিয়েছে যে, তারা ভবিষ্যতে সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য বা গান প্রদর্শন করবে না। তাদের এই অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে বোর্ড স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।”
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে মুক্তি পেয়েছিল ‘প্রিন্স’। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুসহ অনেকে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, রোববার তারা পরিবর্তিত সংস্করণের নতুন সার্টিফিকেশন সনদটি হাতে পেয়েছেন। এখন থেকে সিনেমাটির অনুমোদিত সংস্করণটি প্রদর্শনে আর কোনো আইনি জটিলতা থাকছে না।




Comments