দীর্ঘ বিরতির পর আবারও সংগীতের ভুবনে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য ‘লোকে বলে’ শিরোনামের একটি ধামাকা গান নিয়ে আসছেন তিনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে এই গানটির টিজার প্রকাশ পাওয়ামাত্রই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত ২০ সেকেন্ডের এই টিজারে নুসরাত ফারিয়াকে অত্যন্ত গ্ল্যামারাস ও আকর্ষণীয় লুকে দেখা গেছে। টিজারের শুরুতেই সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের উপস্থিতি এবং সিন্থেসাইজারের তালে ফারিয়ার এন্ট্রি দর্শকদের নজর কেড়েছে। কালো রঙের ওয়ান-শোল্ডার পোশাকে রেড কার্পেটে হাঁটা থেকে শুরু করে ঝলমলে লেহেঙ্গায় ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে ফারিয়ার নাচ—সবকিছুতেই ছিল আধুনিক ও দেশীয় উৎসবের মেলবন্ধন। টিজারে গানের একটি অংশ শোনা যায়—‘লোকেতে বলে রে, কই থেকে আইলো সে।’
নিজের নতুন গান নিয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই ঈদে আসছি বাড়াতে মনের টেম্পারেচার।’ এর আগে তিনি ভক্তদের কথা দিয়েছিলেন যে, এবারের ঈদের উদযাপনকে আরও জমকালো করতে তিনি বিশেষ কিছু নিয়ে ফিরছেন।
ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব। এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে আগামী ২৬ মে ‘লোকে বলে’ গানটি সম্পূর্ণ আকারে মুক্তি পাবে।
মানবকণ্ঠ/আরআই




Comments