Image description

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সৌদি আরবে। সোমবার (৮ জিলহজ) হজের প্রাথমিক কার্যক্রম হিসেবে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ হজযাত্রী মক্কা থেকে ঐতিহাসিক মিনার দিকে যাত্রা শুরু করেছেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে এখন মুখরিত মরুভূমি আর পাহাড়ের কোল।

রোববার রাত থেকেই হজযাত্রীরা আল্লাহর মেহমান হিসেবে তালবিয়া পাঠ করতে করতে মিনার উদ্দেশে রওনা হন। ‘তাঁবুর শহর’ হিসেবে পরিচিত মিনায় হজযাত্রীরা অবস্থান করবেন এবং হজের প্রাথমিক ধর্মীয় রীতিনীতি সম্পন্ন করবেন। খবর সৌদি গেজেটের।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সৌদি আরবের অভ্যন্তরীণ হাজার হাজার হজযাত্রী। হজযাত্রীদের মিনা পর্যন্ত যাতায়াত, আবাসন এবং খাবারের যাবতীয় ব্যবস্থা আগে থেকেই সুনিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, মিনায় হজযাত্রীদের সেবা দেওয়ার জন্য বিশেষ নজরদারি দল কাজ করছে। তাঁবুগুলোতে অবস্থান নিশ্চিত করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য সমন্বিত ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সব ধরনের সেবা নির্বিঘ্ন রাখা হচ্ছে।

ধর্মীয় বিধান অনুযায়ী, ৮ জিলহজ ‘ইয়াওমুত তারবিয়া’ বা মিনার দিন থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়। এই দিন মিনায় অবস্থান শেষে হজযাত্রীরা পরবর্তী ধাপ হিসেবে আরাফাতের ময়দানে গমন করবেন।

মানবকণ্ঠ/আরআই