জিয়াউর রহমানের আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩০ মে) রাজধানীর শেরে বাংলা নগরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে সব মানুষের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য সৃষ্টি করে জাতীয় সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হয়। ১৯৭১ সালের মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তার যে ঐতিহাসিক উত্থান ঘটেছিল, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়েই তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রগতির অতন্দ্র প্রহরী ছিলেন।’
সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের এই দিনটি দেশের গণমানুষের জন্য অত্যন্ত শোকের ও স্মৃতিময়। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনার আলোকে দেশের গণতন্ত্রের ভিত্তিকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ। মন্ত্রী বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই দেশটিকে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় পরিচালিত করা হবে।’
দেশের গণতন্ত্র রক্ষায় ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার সীমাহীন ত্যাগ ও সংগ্রামের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই ও ত্যাগ স্বীকার করেছেন। আমরা তার এবং শহীদ জিয়ার প্রদর্শিত পথেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি করি।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের সার্বিক কল্যাণ ও উন্নতির জন্য দোয়া করেন।




Comments