চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণ, আত্মরক্ষায় অন্ডকোষে ব্লেড দিয়ে আঘাত
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী দক্ষিণ আইচা থানায় অভিযুক্ত ইমাম হোসেন (৩৮) কে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত ইমাম হোসেন নজরুল নগর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের মজিদ সর্দারের ছেলে।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী এলাকার বাসিন্দা। অভিযুক্ত ইমাম হোসেন তার প্রতিবেশী এবং দীর্ঘ প্রায় দুই বছর ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। অভিযুক্ত সরাসরি ও মোবাইল ফোনে তাকে প্রেমের প্রস্তাব দিতেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি এলাকায় তার নামে বিভিন্ন ধরনের আপত্তিকর ও অশ্লীল মন্তব্য ছড়িয়ে বেড়াতেন। গত ২৯ মে রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে ইমাম হোসেন মোবাইল ফোনে যোগাযোগ করে তার ঘরে আসতে চান। পরে একপর্যায়ে অভিযুক্ত ঘরে প্রবেশ করে তাকে রান্নাঘরে নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন।
ভুক্তভোগী জানান, আত্মরক্ষার জন্য তিনি রান্নাঘরে থাকা একটি ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করেন। এতে অভিযুক্ত রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূ এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহবধূকে ডিএনএ পরীক্ষার ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




Comments