Image description

নিজে ৪০০ বছর বয়সী ‘মোঘল আমলের জিনের বাদশা’ পরিচয় দিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আব্দুল হামিদ নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।

পুলিশ জানায়, আব্দুল হামিদ মূলত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার জাল বিস্তার করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন নামে মোবাইল অ্যাপস চালু করতেন। বেকার যুবক ও সাধারণ মানুষকে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে এসব অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করতে উৎসাহিত করতেন। বিপুল পরিমাণ টাকা জমা হওয়ার পর তিনি হঠাৎ অ্যাপসটি বন্ধ করে দিতেন এবং নতুন নামে অন্য একটি অ্যাপস চালু করে পুনরায় বিনিয়োগের আহ্বান জানাতেন।

বিনিয়োগকারীরা যখন তাদের টাকা ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করতেন, তখনই শুরু হতো আব্দুল হামিদের দ্বিতীয় পর্যায়ের নাটক। তিনি ‘Hamkail Moakael’ নামে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছর বয়সী জিনের বাদশা পরিচয় দিতেন। টাকা ফেরত চাইলে তিনি জিনের মাধ্যমে অলৌকিক ক্ষতি করার ভয় দেখাতেন এবং বিভীষিকাময় হুমকি প্রদান করতেন।

সিরাজগঞ্জ সদর থানায় এক ভুক্তভোগী নারীর করা মামলার সূত্র ধরে সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ স্বীকার করেছেন যে, তিনি প্রায় ১০০ জনের কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, “প্রতারক আব্দুল হামিদ অত্যন্ত চতুরতার সাথে মানুষের ধর্মীয় বিশ্বাস ও সরলতাকে পুঁজি করে এই জঘন্য অপরাধ করেছেন। আমরা খতিয়ে দেখছি এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”

মানবকণ্ঠ/আরআই