সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫: বাড়িঘর ভাংচুর
ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘদিনের বিরোধ থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর চালানো হয়েছে অন্তত পাঁচটি বসতঘরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামে।
স্থানীয়রা জানিয়েছে, এলাকার মনি মোল্যা ও বিল্লাল মুন্সীর মধ্যে দীর্ঘদিন ধরে চলছে বিরোধ। এর জেরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে মনির সমর্থক রুহুল ফকির (২৭) ও বিল্লালের সমর্থক আহাদ মুন্সীর (২৬) মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় পাঁচটি ঘরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সালথা থানা-পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, চরবাংরাইল গ্রামে দুই ব্যক্তির মধ্যে মারামারিকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Comments