Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের পথ প্রশস্ত হলো। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নির্ধারিত সময়ে বিসিবি নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে গত মঙ্গলবার (২ জুন) বিসিবির ৬ জন কাউন্সিলর ভোটার তালিকা ও নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিটটি দায়ের করেছিলেন। তাঁদের দাবি ছিল, ভোটার তালিকায় অসংগতি রয়েছে। তবে আদালত সব পক্ষ শুনে রিটটি খারিজ করার সিদ্ধান্ত নেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। এই নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুজন পরিচালক যুক্ত হবেন। নবনির্বাচিত এই ২৫ জন পরিচালকের ভোটে পরবর্তীতে একজন সভাপতি নির্বাচিত হবেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন। কমিশনের অন্য দুই সদস্য হলেন—গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এ বি এম এহসানুল মামুন।

মানবকণ্ঠ/আরআই