Image description

শেয়ারবাজারে অনিয়ম, কারসাজি ও বিতর্কিত লেনদেনের ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ হাজার ৪৯৬ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারের ১২টি আলোচিত বিষয়ে অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাবেক বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক কমিশনার শামসুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা, বাজারে লেনদেনে নিষেধাজ্ঞা এবং বিভিন্ন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার পরিবর্তনের পর নতুন কমিশন পাঁচ সদস্যের একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করে। কমিটি ১২টি বিষয়ে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়, যার ভিত্তিতে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে পুঁজিবাজারে সংঘটিত অনিয়ম ও কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে এবং একটি শক্তিশালী ও স্বচ্ছ পুঁজিবাজার গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।