Image description

ফরিদপুরের নগরকান্দায় এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক কন্যাসন্তানের মা হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় প্রসববেদনা শুরু হলে স্থানীয়দের সহায়তায় তিনি এই সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও শিশু উপজেলা প্রশাসনের বিশেষ তত্ত্বাবধানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মানসিক ভারসাম্যহীন নারী দীর্ঘদিন ধরে ফুলসূতী বাজার এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করতেন। সোমবার হঠাৎ তাঁর প্রসববেদনা শুরু হলে স্থানীয় লোকজন মানবিক দৃষ্টান্ত স্থাপন করে তাঁকে দ্রুত উদ্ধার করেন এবং নবজাতকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন দ্রুত হাসপাতালে ছুটে যান। তিনি পরম মমতায় নবজাতক শিশুটিকে কোলে তুলে নেন এবং মা ও শিশুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং শিশুটির উন্নত লালন-পালন ও চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন।

পরবর্তীতে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতির খোঁজ নেন।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, “মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাঁদের সব ধরনের ব্যয় ও দায়িত্ব সরকার বহন করবে। আমরা তাঁদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি। পরিচয় পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। আর যদি পরিচয় পাওয়া না যায়, তবে নবজাতকের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মানবকণ্ঠ/ডিআর