Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান হাইওয়ে সড়কে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন। একপর্যায়ে পালানোর চেষ্টাকালে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় ১২ জনকে আটক করা হয়। পরে তাদের সোনারগাঁও থানায় সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া এবং যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও নোয়াখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জসিমউদ্দিন জানান, মিছিলের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

মানবকণ্ঠ/ডিআর