কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পর গৃহবধূ ও তার স্কুলপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত, তানজিদ ও মোহাম্মদ তারেক। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল জানালার গ্রিল কেটে ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে। ব্যবসায়ীর অনুপস্থিতিতে বাড়িতে থাকা তার স্ত্রী ও দশম শ্রেণির ছাত্রী মেয়েকে নির্যাতনের পর নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পর গুরুতর আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিবারের সদস্যরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেয়েটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশের নেতৃত্বে একাধিক পুলিশ দল ঘটনাস্থলে তদন্ত শুরু করে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




Comments