ময়মনসিংহে ঢাকাগামী আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর এক অদ্ভুত ও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে গিয়ে খোদ রেলওয়ের উদ্ধারকারী (রিলিফ) ট্রেনটিও লাইনচ্যুত হয়েছে। জোড়া লাইনচ্যুতির এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সোয়া নয়টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সোয়া নয়টার দিকে কলেজ রোড রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে তাৎক্ষণিকভাবেই ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু ঘটে বিপত্তি! ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি টেনে তোলার কাজ করার সময় ময়মনসিংহ স্টেশনের আউটার এলাকায় খোদ উদ্ধারকারী ‘রিলিফ ট্রেন’টিরই একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
উদ্ধারকারী ট্রেন নিজেই দুর্ঘটনার শিকার হওয়ায় পুরো উদ্ধার প্রক্রিয়াটি চরম জটিলতার মুখে পড়েছে। ঢাকা ও জামালপুরের সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ সাময়িকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। ফলে এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, জোড়া লাইনচ্যুতির এই ঘটনা সামাল দিয়ে লাইন দ্রুত সচল করতে বিকল্প উপায়ে কাজ শুরু হয়েছে। তবে পুরো রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।
মানবকন্ঠ/আরআই




Comments