কুয়াকাটা উপকূলে বৈরী আবহাওয়া, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টির প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ার কারণে যেকোনো সময় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এই মৌসুমী বায়ু দেশের অন্যান্য এলাকাতেও বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে আছে। অনেক স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে সমুদ্র তীরের পরিবেশও থমথমে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে উপকূলীয় এলাকায় অস্থিরতা বিরাজ করছে। উত্তাল সাগরের কারণে জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে বা সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments