Image description

সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকাতেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, "দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সব নির্বাচনি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকারদলীয় সদস্যরা যেভাবে নিজ নিজ এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবেন, একইভাবে বিরোধী দলের সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।"

অর্থনৈতিক খাত নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সুদের হার পর্যালোচনা করছে সরকার। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে তিনি সংসদকে জানান, এ পর্যন্ত ৬০ হাজার পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হয়েছে। আগামী অর্থবছরে আরও ৪১ লাখ ২০ হাজার পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের বিশাল পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "তাপমাত্রা সহনশীল রাখা এবং দূষণ কমানোর লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে আসন্ন বর্ষা মৌসুমেই ৩ কোটি ১৪ লাখ গাছ রোপণ করা হবে।" 

এছাড়া দেশের পানি প্রবাহ স্বাভাবিক রাখা ও জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে ৯৫৬ কিলোমিটার খাল খনন সম্পন্ন করা হয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

মানবকণ্ঠ/ডিআর