Image description

ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) দুপুরে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় চার ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে চলে যান বলে অভিযোগ করেন সুমনের পরিবার।

এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা দায়ের করেন।

অন্যদিকে, নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেন।

দুই মামলার শুনানি শেষে পারিবারিক বিরোধ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি না হওয়ায় আদালত পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।