Image description

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আজ শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকাল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও লক্ষ্যমাত্রা তুলে ধরবেন এবং গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেবেন। বিশেষ করে রাজস্ব আহরণ, ব্যয় ব্যবস্থাপনা, ঘাটতি অর্থায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। এটি দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত এই বাজেটে প্রায় ৭ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার সিংহভাগ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ ও অনুদান এবং ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সরকার।

তবে প্রস্তাবিত এই বাজেটকে ‘অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত’ বলে দাবি করেছে রাজনৈতিক দল এনসিপি। আজকের সংবাদ সম্মেলনে এসব সমালোচনার বিপরীতে সরকারের অবস্থান আরও স্পষ্ট করবেন অর্থমন্ত্রী।

মানবকণ্ঠ/ডিআর