Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের হামলা ও নৈরাজ্য থেকে দেশের কেউই এখন রক্ষা পাচ্ছে না। শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সফরকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের মতো একটি দলের প্রতি সরকারের বর্তমান নমনীয় আচরণের তীব্র সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, "একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে প্রকাশ্যে রাজপথে মিছিল করার সাহস পায়?" এ বিষয়ে তিনি সরকারের কাছে সুস্পষ্ট জবাব দাবি করেন।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এনসিপির এই মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, তারা যেন ভবিষ্যতে আর কখনোই দেশের মানুষকে হুমকির মুখে ফেলতে না পারে এবং বাংলার মাটিতে আর কোনো ভাই-বোনকে হত্যার দুঃসাহস দেখাতে না পারে, সে জন্য সরকারকে অবশ্যই কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে, শুক্রবার দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা স্থানীয় মুসল্লিদের সঙ্গে ধর্মীয়, সামাজিক এবং জাতীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

মানবকণ্ঠ/আরআই