Image description

বিশ্বজুড়ে আকস্মিক প্রযুক্তিগত বিপর্যয়ের পর পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। শুক্রবার (১২ জুন) রাত ৮টা ২০ মিনিটের দিকে এই প্ল্যাটফর্মগুলো সচল হতে শুরু করে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো মেসেঞ্জারে প্রবেশ বা বেশ কিছু ফিচার ব্যবহারের ক্ষেত্রে কিছু গ্রাহক সাময়িক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এর আগে এদিন সন্ধ্যা ৭টার পর থেকে হঠাৎ করেই বিশ্বব্যাপী ফেসবুক ও মেসেঞ্জারে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। বাংলাদেশেও সন্ধ্যা সাড়ে ৭টার দিক থেকে এই ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। যারা আগে থেকেই অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করা অবস্থায় ছিলেন, তাদের অ্যাকাউন্টগুলোও স্বয়ংক্রিয়ভাবে ‘লগআউট’ হয়ে যায়। পুনরায় প্রবেশ করতে গেলে স্ক্রিনে ‘Sorry, something went wrong’ লেখা একটি এরর (error) মেসেজ ভেসে ওঠে। এতে বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী চরম বিভ্রান্তি ও দুশ্চিন্তায় পড়েন।

ওয়েবসাইট ও অ্যাপের সার্ভার ডাউন মনিটরিং প্ল্যাটফর্ম 'ডাউনডিটেক্টর'-এর তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ব্যবহারকারীরা বিশ্বজুড়ে ফেসবুক ডাউনের রিপোর্ট করতে শুরু করেন। প্রায় ৪০ মিনিট ধরে চলা এই বিভ্রাট শেষে রাত ৮টা ২০ মিনিটে পুনরায় স্বাভাবিক হতে শুরু করে ফেসবুক পরিসেবা।

তবে বিশ্বজুড়ে মেটার এই দুটি প্ল্যাটফর্মে আকস্মিক এই বিপর্যয়ের মূল কারণ কী ছিল, সে বিষয়ে মেটা কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি।

মানবকণ্ঠ/আরআই