আদালতে সম্পত্তির মামলায় হেরে গিয়ে নিজের ৮২ বছর বয়সী বৃদ্ধ বাবাকে প্রকাশ্য রাস্তায় ছুরিকাঘাত করে হত্যা করেছে এক পাষণ্ড ছেলে। ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সাম্ভাজিনগরে এই লোমহর্ষক ও নৃশংস ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাফর কামারুদ্দিন সৈয়দ প্যাটেল দেশটির ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। অন্যদিকে তার অভিযুক্ত ছেলে আব্দুল রহমান আব্দুল জাফর পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। অভিযোগ রয়েছে, ছেলে আব্দুল রহমান দীর্ঘদিন ধরেই নানা উছিলায় পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ এবং মারধর করে আসছিলেন।
ছেলের এমন অত্যাচার ও পারিবারিক অশান্তিতে অতিষ্ঠ হয়ে বাবা জাফর প্যাটেল একপর্যায়ে পুনেতে তার মেয়ের বাড়িতে আশ্রয় নেন। পরবর্তীতে তিনি নিজের মালিকানাধীন বাড়ি থেকে ছেলেকে উচ্ছেদের জন্য আদালতের শরণাপন্ন হন এবং মামলা করেন। দীর্ঘ দুই বছর ধরে আইনি লড়াই চলার পর, সম্প্রতি আদালত বাবা জাফর প্যাটেলের পক্ষে রায় দেন এবং ছেলেকে অবিলম্বে বাড়ি খালি করার নির্দেশ দেন।
আদালত থেকে উচ্ছেদের চূড়ান্ত আদেশনামা নিয়ে বাড়ি ফেরার পথেই বাবার ওপর অতর্কিত হামলা চালায় ছেলে। জাফর প্যাটেল যে অটোরিকশায় করে ফিরছিলেন, মাঝরাস্তায় সেটির গতিপথ রোধ করে আব্দুল রহমান। এরপর প্রকাশ্য দিবালোকে, সবার সামনে বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর পরই স্থানীয় পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্ত ছেলে আব্দুল রহমানকে গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
সূত্র: এনডিটিভি
মানবকণ্ঠ/আরআই




Comments