গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় অবস্থিত ‘ম্যাট্রিক্স স্টাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে কাজ করছে। আজ শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে কারখানার ছয়তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কারখানার ছয়তলার ভেতর থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান শ্রমিক ও স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে চৌরাস্তা ও জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা ক্রমেই বেড়ে যাওয়ায় পরবর্তীকালে আরও তিনটি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট নিরলসভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।




Comments