Image description

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কলেজ প্রভাষক নির্মল চৌধুরীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত নির্মল চৌধুরী নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা। তিনি সিংগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, নির্মল চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। গ্রেপ্তারকৃত নির্মল চৌধুরী ওই মামলার ১৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/ডিআর