Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হানিফ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার ঘুরকা ইউনিয়নের দাদপুর দাসপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হানিফ শেখ ওই ইউনিয়নের ঘুড়কা পশ্চিম পাড়া গ্রামের আবু বক্কর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। অভিযোগ রয়েছে, হানিফ শেখ কৌশলে শিশুটিকে বিদ্যালয়ের পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখে।

পরিবার জানায়, সম্প্রতি শিশুটির আচরণের পরিবর্তন ও শারীরিক অসুস্থতা দেখে মায়ের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি সব খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা অভিযুক্ত হানিফকে কৌশলে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর