Image description

সিরাজগঞ্জে দুই ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতা ও ওভারটেকিং করার সময় ট্রাকচাপায় নুরুল ইসলাম নামে এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক পুলিশে সহকারী ট্রাফিক সার্জেন্ট (এটিএসআই) পদে কর্মরত ছিলেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে মহাসড়কে নুরুল ইসলামসহ ট্রাফিক পুলিশের একটি দল নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী দুটি ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতা চলছিল। এক পর্যায়ে একটি ট্রাক অন্যটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কর্তব্যরত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটির চালকও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর