যানবাহনের কর ও ফি আদায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনলাইন ব্যাংকিং ব্যবস্থার চলমান চুক্তিতে অতিরিক্ত ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০২১ সালে বিআরটিএর যানবাহন কর ও ফি অনলাইনে আদায়ের জন্য কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)-কে সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাঁচ বছরের জন্য করা ওই চুক্তির মূল মূল্য ছিল ২১৮ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা।
চুক্তির মেয়াদ আগামী ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত। তবে কর ও ফি আদায়ের পরিমাণ প্রত্যাশার চেয়ে বেড়ে যাওয়ায় অতিরিক্ত ৪৫ লাখ ট্রানজেকশন যুক্ত হয়েছে। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২৪০ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন সেবা সহজীকরণ এবং বিলম্বজনিত জরিমানা একাধিকবার মওকুফ করার ফলে অনলাইন লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ কারণেই চুক্তির ব্যয় প্রায় ৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments