রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বুধবার ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তার অন্য দুইজন হলেন আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)।
র্যাব-৪ জানায়, সম্প্রতি এই গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালানো হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ২৩ মে পল্লবী এলাকায় পূর্বশত্রুতার জেরে একটি হামলার ঘটনায় এই গ্রুপের সদস্যরা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে হামলা, মারধরসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
তদন্তে আরও জানা গেছে, ‘ভইরা-দে গ্রুপ’ এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। রাজধানীতে সক্রিয় অন্যান্য কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/আরআই




Comments