Image description

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে জেলা পুলিশ। পুরোনো ভিডিও এবং এডিট করা ছবি ব্যবহার করে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এক বিবৃতিতে এসপি জানান, ফেসবুকের কিছু আইডি থেকে দাবি করা হচ্ছে যে, নিষিদ্ধ ঘোষিত দলটির ‘রাজকীয় প্রত্যাবর্তনের’ দাবিতে নোয়াখালীর সাধারণ মানুষ জুমার নামাজের পর মাঠে নেমেছে। এই তথ্যের সঙ্গে কিছু ভিডিও ও স্থিরচিত্রও প্রচার করা হয়। তবে পুলিশি তদন্তে দেখা গেছে, ১৯ জুন নোয়াখালীর কোথাও এ ধরনের কোনো মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত হয়নি।

জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, প্রচারিত ভিডিও ও ছবিগুলো অনেক পুরোনো। মূলত জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পুরোনো ফুটেজের ওপর এডিটিংয়ের মাধ্যমে নতুন স্লোগান বসিয়ে তা প্রচার করা হচ্ছে। এটি একটি পরিকল্পিত অপপ্রচার।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও বলেন, "ভুয়া ও বানোয়াট তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা আইডিগুলো শনাক্ত করার কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

জনসাধারণকে এ ধরনের গুজবে কান না দেওয়ার এবং কোনো তথ্য যাচাই না করে শেয়ার না করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

মানবকণ্ঠ/আরআই