টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার গড় এলাকার টেলকির জলই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জলই গ্রামের বাবুল হাদিমা ও তাঁর ছেলে নেইমার ম্রং এবং একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। সেটি উদ্ধার করতে প্রথমে গাবরিয়েল নকরেক কূপে নামেন। দীর্ঘক্ষণ তাঁর কোনো সাড়া না পেয়ে তাঁকে বাঁচাতে একে একে অন্য তিনজনও কূপে নামেন। কিন্তু তাঁদের কাউকেই আর ফিরে আসতে না দেখে গ্রামবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়।
মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে একে একে চারজনের নিথর দেহ উদ্ধার করেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর ওই কূপে অক্সিজেনের স্বল্পতা অথবা জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments