আধুনিক প্রযুক্তিনির্ভর কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলা কারাগারে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’ চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে কারাগারের অভ্যন্তরে বন্দিদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ এবং আর্থিক লেনদেনে যুক্ত হয়েছে ডিজিটাল সমাধান। রোববার (২১ জুন) কারা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ব্যবস্থায় আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে বন্দিদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। একই প্রযুক্তির মাধ্যমে ওয়ার্ডভিত্তিক বন্দি গণনাও স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
এ ব্যবস্থায় বন্দিদের স্বজনদের পাঠানো অর্থ সরাসরি ভার্চুয়াল অ্যাকাউন্টে জমা হবে। পরে বন্দিরা আরএফআইডি-নির্ভর কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। ফলে কারাগারের ভেতরে নগদ অর্থের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে।
কারা অধিদপ্তরের মতে, এই উদ্যোগের ফলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি বন্দিদের ব্যবস্থাপনা আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
অধিদপ্তর আরও জানায়, এই প্রযুক্তি-ভিত্তিক ব্যবস্থা বন্দিদের তথ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মুন্সিগঞ্জ জেলা কারাগারে চালু হওয়া এই উদ্যোগকে দেশের কারা ব্যবস্থাপনায় একটি নতুন প্রযুক্তিগত যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments