Image description

হিমাগারে (কোল্ড স্টোরেজ) আলুর ভাড়া কেজি প্রতি পাঁচ টাকা নির্ধারণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন আলু ব্যবসায়ীরা। রোববার (২১ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সহ-সভাপতি হারুন উর রশিদ, রোকনুজ্জামান মুকুল, কচুকাটা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদির এবং কিশোরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রিপন।

মানববন্ধনে বক্তারা বলেন, এ বছর আলুর বাম্পার ফলন হলেও বাজারে আশানুরূপ দাম নেই। বাধ্য হয়ে ভালো দামের আশায় কৃষকরা আলু হিমাগারে সংরক্ষণ করছেন। কিন্তু হিমাগার মালিকরা সিন্ডিকেট করে ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দিয়েছেন, যা অত্যন্ত অমানবিক। বর্তমানে তারা কেজি প্রতি প্রায় ৭ টাকা হিসেবে ভাড়া আদায় করছেন। একটি ৬৫ কেজির বস্তা হিমাগারে রাখতে ৪শ থেকে ৫শ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, অথচ প্রকৃত খরচ ৩ থেকে ৫ টাকার বেশি হওয়ার কথা নয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব জানান, আলুর দাম না থাকায় কৃষকরা এমনিতেই ক্ষতিগ্রস্ত, তার ওপর হিমাগারের চড়া ভাড়া মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারা দেশজুড়ে আলুর ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণ করার জোর দাবি জানান।

জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নীলফামারী জেলায় বর্তমানে ১১টি আলুর হিমাগার চালু রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর