Image description

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যাওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের ভেতরে আটকা পড়ে চালক ও তাঁর সহকারী (হেলপার) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা ট্রাকচালক আনিচুর রহমান আনিস ও তাঁর সহকারী রতন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরের দিকে যাচ্ছিল। কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো ট্রাকে আগুন ধরে যায়।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তারা ট্রাকের ভেতর থেকে চালক আনিচুর রহমানের মরদেহ উদ্ধার করে। সহকারী রতন ভারী পাথরের নিচে চাপা পড়ে থাকায় তাঁর মরদেহ উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়। দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা তাঁর মরদেহটিও উদ্ধার করতে সক্ষম হন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

মানবকণ্ঠ/ডিআর